জোকারের দখলে বক্স অফিস

ভেনিস ও টরন্টো উৎসবে একাধিক পুরস্কার অর্জনের পর এবার সাধারণ দর্শকের মন জিতে নিল ‘জোকার’। মুক্তির প্রথম দিন উত্তর আমেরিকার স্থানীয় বাজারে হলিউড সিনেমাটির আয় ৪ কোটি ডলারের কাছাকাছি।

ধারণা করা হচ্ছে, প্রথম তিন দিনের আয় দাঁড়াবে ৯.৪ কোটি ডলার।  আর বিশ্বব্যাপী ১৯.৪ কোটি ডলার ছাড়াতে পারে। তবে অক্টোবরে তিন দিনের আয়ে সেরা থাকবে আরেক কমিকস বুক সিনেমা ‘ভেনম’, এর আয় ছিল ২০.৭ কোটি ডলার।

ডেডলাইন জানায়, ‘জোকার’ হতে যাচ্ছে পরিচালক টড ফিলিপসের সেরা ওপেনিং। এর আগে ‘দ্য হ্যাংওভার টু’ তিন দিনে আয় করে ৮.৬ কোটি ডলার। এ ছাড়া মুখ্য তারকা জোয়াকিন ফিনিক্সেরও সর্বোচ্চ আয়। ২০০২ সালে তার ‘সাইনস’ আয় করে ৬ কোটি ডলারের চেয়ে সামান্য বেশি। তিনবার অস্কার মনোনয়ন পাওয়া এই অভিনেতাকে সম্প্রতি দেখা গেছে মেরি ম্যাগদালিন, দ্য সিস্টার্স ব্রাদার্স ও ইউ হ্যাভ রিয়েলি হেয়ারের মতো স্বাধীনধারার সিনেমায়। সে হিসেবে ‘জোকার’ ফিনিক্সকে মূলধারায় ফেরালো।

সিনেমাটির পার্শ্ব চরিত্রে আছেন সত্তর-আশি দশকের বিখ্যাত অভিনেতা রবার্ট ডি নিরো। এর আগে তার সবচেয়ে সফল ‘শার্ক টেল’ তিন দিনে আয় করে ৪.৭ কোটি ডলার।

সারা বিশ্বের সঙ্গে ঢাকার তিন মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘জোকার’। এখানেও ব্যাপক দর্শক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। হল পাওয়ার দিক থেকে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর ডিসি কমিকসের এই ভিলেনের অবস্থান।