পুলিশ-বিহারি সংঘর্ষে যুবকের চোখ গুলিবিদ্ধ

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংকে কেন্দ্র করে পুলিশ ও র‌্যাবের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিহারিরা। সংঘর্ষ চলাকালে পুলিশের শটগানের গুলিতে মো. রকি (২৪) নামে এক যুবক চোখে গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে নিয়মিত ফ্রি বিদ্যুৎ সংযোগের দাবিতে বিহারিরা রাস্তায় অবস্থান নিলে কাউন্সিলর মিজান বাধা দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ও র‍্যাব বিহারিদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, চোখে গুলিবিদ্ধ রকি জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের অধিবাসী এবং মোটর গ্যারেজের কর্মচারী। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রকির বন্ধু মো. আফসার জানান, দুপুরে ওই গ্যারেজের সামনে কাজ করছিল রকি। এ সময় সংঘর্ষে পুলিশের ছোড়া শটগানের গুলি রকির শরীরে এসে লাগে। এতে তার বুকে, ডান হাতে, গলায়, থুতনিতে ও ডান চোখে গুলিবিদ্ধ হয়।

ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, সে এখন শকে আছে। তার শরীরে ও ডান চোখে গুলিবিদ্ধ হয়েছে। চোখের অবস্থা খুবই গুরুতর। তাকে চক্ষু বিভাগে পাঠানো হচ্ছে। তবে আপাতত দেখে মনে হচ্ছে, চোখটি নষ্ট হয়ে গেছে। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি তার চিকিৎসায়।