বন্যা মোকাবিলায় ৪৪৮ নদী ও খাল খনন হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম বলেছেন, বন্যা মোকাবিলায় দেশের ৪৪৮টি নদী ও খাল খনন করা হচ্ছে। এরপর আরও ৫০০টি খনন করা হবে।

শনিবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের অতিবৃষ্টির পানি আমাদের দেশের নদ-নদী হয়ে বঙ্গোপসাগরে যায়। কিন্তু নদী-খালের নাব্য না থাকায় ওই পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। সে জন্য ৬৪ জেলার নদী-খালের নাব্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দফায় ৪৪৮টি নদী-খাল খনন করা হচ্ছে। দ্বিতীয় দফায় আরও ৫০০ নদী-খাল খনন হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে বন্যায় ক্ষয়ক্ষতি তুলনামূলক কমবে।

এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে মিলনায়তনে ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সুবিধাবঞ্চিত ৬০ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেন প্রতিমন্ত্রী। বেসরকারি সংস্থা আশার উদ্যোগে প্রতিজনকে ১১ হাজার টাকা করে দেওয়া হয়।