আমরা টোটালি 'ল' লেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে কোনো আইন নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। তিনি বলেন, দেশে গুম খুন চলছে। অপরাধ বাড়ছে। আমাদের সমাজ খাদের কিনারে দাঁড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে খাদে পড়ে যাবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত 'গুম বিষয়ে জাতিসংঘের সুপারিশ ও বাস্তবতা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এই আইনজীবী বলেন, যেখানে কোনো আইন নেই, সেখানে নিরাপত্তাবোধ থাকবে না। অন্যায়-অপরাধ হলে আইন অনুযায়ী বিচার হবে না। আমরা কিন্তু সেদিকেই এগোচ্ছি।
তিনি আরও বলেন, ক্যাসিনো ব্যবসা পুলিশের নাকের ডগায় হচ্ছে, অথচ পুলিশ বলছে তারা জানে না। চারদিকে দুর্নীতি হচ্ছে। এসব পচন শুরু হয়েছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এর মধ্য দিয়ে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যেসব দেশে আছে, সেসব দেশের যে চিত্র আমরা দেখতে পাই, তা আমাদের কারও কাম্য নয়।
এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, সমাজে অবশ্যই অপরাধ, অনিয়ম, বিশৃঙ্খলা আছে। আমাদের দেশে একটা ভাবনা এসেছে যে, দুই-চার শ’ মানুষকে গুলি করে হত্যা করলেই মাদক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা মোটেও সম্ভব নয়। কারণ এর আগে কোনও দেশ এ পথে অপরাধ দমন করতে পারেনি। কিন্তু এর প্রতিক্রিয়া হয় ভয়াবহ।
নারীপক্ষের আহ্বায়ক শিরিন হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার, আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।