কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সাত্তার প্যাদা (৭৬)।
শনিবার সন্ধ্যায় গাজিপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ দেশ রূপান্তরকে বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি আব্দুস সাত্তার প্যাদা বার্ধক্যজনিত নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। শনিবার সকালে অসুস্থ হওয়ার খবর পেয়েই তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার মৃত্যুর খবর পাই।
রোগীর সঙ্গে ঢামেক হাসপাতালে আসা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া দেশ রূপান্তরকে বলেন, আব্দুস সাত্তার প্যাদার বাড়ি শরীয়তপুরের সদরে। বন্দী অবস্থায় নানা ধরনের চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের এক মেডিকেল অফিসার বলেন, মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরও ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর কারণ জানা যাবে।