বাগেরহাটের সেই যমজ বোনের দায়িত্ব নিলেন এমপি ও ডিসি

বাগেরহাটের হরিণখানা এলাকার দিনমজুর মো. মহিদুল হাওলাদারের যমজ মেয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। কিন্তু শাহিদা আক্তার সুরাইয়া ও নাদিরা ফারজানা সুমাইয়ার পড়ালেখা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে তাদের দায়িত্ব নিয়েছেন বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় ও জেলা প্রশাসন।

গতকাল শনিবার এমপির প্রতিনিধি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন বলেন, ‘সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় দুই বোনের পড়ালেখার দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। শিগগিরই তিনি মেয়ে দুটির সঙ্গে যোগাযোগ করবেন।’ জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘আজ (গতকাল) দুপুরে মেয়ে দুটির পরিবারকে সার্কিট হাউজে এনে পড়ালেখার দায়িত্ব নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।’

মেয়েদের পড়ালেখার দায়িত্ব নেওয়ায় মহিদুল হাওলাদার ও তার স্ত্রী শাহীনা বেগম এমপি এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শাহীনা বেগম বলেন, ‘সন্তানদের উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখতাম। অভাব থাকলেও আমি হাল ছাড়িনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো নিয়েও চিন্তায় ছিলাম। এরই মধ্যে এমপি সাহেব ও জেলা প্রশাসক আমার দুই মেয়ের পড়ালেখার সব খরচ দেবেন বলে আশ্বাস দিয়েছেন।’ সুরাইয়া ও সুমাইয়া ২০১৬ সালে শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে বাণিজ্য বিভাগে ‘এ’ এবং ২০১৮ সালে সরকারি পিসি কলেজ থেকে জিপিএ-৫ পান। সহায়তা পাওয়ার পর তারা পড়ালেখা করে ভবিষ্যতে শিক্ষক হতে চান বলে জানান।