ভৈরবে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের লিখিত অভিযোগ করেছেন ওই ইউপির নয় সদস্য (মেম্বার)। তাদের দাবি, ‘অক্ষরজ্ঞানহীন’ আগানগর ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিনের সরলতার সুযোগে দীর্ঘদিন ধরে ইউপি সচিব বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা।

গত ৩০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম, ৩ নম্বর ওয়ার্ডের দানিছ মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের ফারুক শিকদার, ৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ডের মুছা মিয়া এবং সংরক্ষিত নারী আসনের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের নাজমা বেগম, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের কুলসুম বেগম ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের বিলকিস আক্তার মনিরুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন কিশোরগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) বরাবর।

অভিযোগে তারা উল্লেখ করেন, আগানগর ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন একজন বয়োবৃদ্ধ ও অক্ষরজ্ঞানহীন সহজ-সরল ব্যক্তি। তার এই অক্ষমতার সুযোগে ইউপি সচিব মনিরুজ্জামান পরিষদে ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। অভিযোগের অনুলিপি প্রদান করা হয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসক, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভৈরব প্রেস ক্লাবের সভাপতি/সম্পাদক বরাবর।

সচিব মো, মনিরুজ্জামান বলেন, পরিষদের কিছু সদস্য তাদের ইচ্ছানুযায়ী কাজ না করায় তার বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ দিয়েছেন। আনীত অভিযোগের তদন্ত করলে সত্যতা বের হয়ে আসবে বলেও তিনি দাবি করেন।

আগানগর ইউপির চেয়ারম্যান মমতাজ উদ্দিন বলেন, বিএনপিপন্থী কিছু মেম্বার পরিষদের বাইরের একটি চক্রের ইন্ধনে সচিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে, এর একটিও সত্য নয় বলে তিনি দাবি করেন।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।