পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে রেকর্ড ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। লাহোরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬৪ রানে জিতেছে তারা। পাকিস্তানের সঙ্গে এই প্রথম এত রানে জিতল লঙ্কানরা। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান তোলে সফরকারীরা। জবাবে ১৭.৪ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের সঙ্গে এই ফরম্যাটে বাজে রেকর্ড লঙ্কানদের। মোট ১৮ বার মুখোমুখি হয়ে হেরেছিল ১৩ বার। ১৯তম বারে নিজেদের ষষ্ঠ জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। ম্যাচে ধানুশকা গুনাথিলাকার হাফসেঞ্চুরিতে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। ৩৮ বলে ৫৭ করেন তিনি। জবাব দিতে নামা পাকিস্তানকে একদম উড়িয়ে দেন নুয়ান প্রদিপ, ইসুরু উদানা ও হাসারাঙ্গা। প্রদিপ ও উদানা তিনটি করে এবং হাসারাঙ্গা ২ উইকেট নেন। তাতে পাকিস্তানের মাত্র তিন ব্যাটসম্যান দু অঙ্কের ঘরে রান করেন।