ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আনিসুর রহমানের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, অপরাধী যেই হোক সে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ বা যে দলের নেতাই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে।
শনিবার রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
গত বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের ডিসি মো. আনিসুর রহমান, তার স্ত্রী দশম সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ফাতেমাতুজ জোহরা, ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তিন কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন তথ্য বিবরণীসহ পাঠাতে বলা হয়েছে।
দুবাইয়ে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফেরানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। এ বিষয়ে ইন্টারপোল যুক্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।
এর আগে, বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন ২৪ হাজার মণ্ডপে পূজা হতো। এবার প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজা হচ্ছে। বঙ্গবন্ধু যে অসাম্পªদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তার কন্যা সেই পথেই চলছেন।
অনুষ্ঠানে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি পংকজ নাথের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক।