দৈনিক দেশ রূপান্তরে গত শুক্রবার প্রকাশিত ‘গুরু-শিষ্যে লালবাগের সর্বনাশ : শৈশবের এতিমখানাও দখল করতে বাকি রাখেননি মানিক’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসিবুর রহমান মানিক। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘সংবাদটি লেখনীর সঙ্গে আমার কর্মকা-ের কোনো মিল নেই।’ রাজনৈতিক জীবনে চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি বা ভূমি দখলসহ যেকোনো অন্যায় কাজের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছেন তিনি।
জামালের প্রতিবাদ : একই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মতিউর রহমান জামাল। লিখিত প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক অঙ্গনে আমাকে হেয় করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়েছে। আমার মুঠোফোনে ফোন দিলে রং নম্বর বলে কেটে দেওয়ার বিষয়টিও সঠিক নয়। বাস স্ট্যান্ডে চাঁদাবাজির যে তথ্য দেওয়া হয়েছে তা আমার জানা নেই।’
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি তৈরি করা হয়েছে লালবাগ এলাকার আওয়ামী লীগ নেতা, সাধারণ ও ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলে। এখানে সাধারণ মানুষ যেসব অভিযোগ করেছেন, সেটা তুলে ধরা হয়েছে মাত্র। সংবাদে বানোয়াট বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো তথ্য নেই।