আশুলিয়ায় একটি পানিবাহী পিকআপভ্যানের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে তাজিমুল ইসলাম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাঙ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় কামারপাড়া এলাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত গার্মেন্টস কর্মকর্তা তাজিমুল ইসলাম আশুলিয়ার জিরানী বাজার টেংগুরী এলাকার আলফা ক্লথিং লিমিটেড কারখানার সহকারী জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা দুর্ঘটনাকবলিত গাড়ি দূর থেকে আলাদা করে ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তা তাজিমুল ইসলামের মৃতদেহটি উদ্ধার করেন।
এছাড়াও আহত অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার জিরানী টেংগুরী এলাকার আলফা ক্লথিং লিমিটেডের কারখানার এজিএম তাজিমুল ইসলাম একটি প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়িটি আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পানিভর্তি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই মারা যান গার্মেন্টস কর্মকর্তা তাজিমুল ইসলাম। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া আশুলিয়া থানা পুলিশের একটি রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কটিতে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়েছে। এছাড়া এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।