আদালতের আদেশ অনুসারে আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় (এনরোলমেন্ট) অংশগ্রহণের সুযোগ চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
রবিবার রাজধানীর পরীবাগে বাংলাদেশ বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশ বার কাউন্সিল ২০১৪ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জন শিক্ষার্থী ভর্তির নিয়ম করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো সেই নিয়মের বাইরে শিক্ষার্থী ভর্তি করেছে। এই অতিরিক্ত শিক্ষার্থীর দায় কে নেবে? তারপরও আমরা রিট দায়ের করেছি। রিটের আদেশে আমাদের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন সুবিধা দিতে বার কাউন্সিলকে বলা হলেও আমরা এখনো তা থেকে বঞ্চিত। তাই প্রতিকার চেয়ে আমরা মানববন্ধন করছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তির নামে আমাদের সঙ্গে প্রতারণা করছে। এখন এর দায় তাদেরই নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যাবতীয় নিয়ম আমাদের জানা থাকে না। সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি-বাণিজ্য শুরু করেছে। এ অবস্থায় আমরা যদি এবারের পরীক্ষায় অংশ নিতে না পারি, তাহলে আরও কঠিনতর কর্মসূচি ঘোষণা করব।’
আইনজীবী অর্ন্তভুক্তির পরীক্ষার জন্য আগামী ২২ নভেম্বর দিন নির্ধারণ রেখেছে বাংলাদেশ বার কাউন্সিল।
মানববন্ধনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়, আশা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।