রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে ওয়াইজঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহি একটি খেয়া নৌকা ডুবে চার যাত্রী নিখোঁজ রয়েছে।
রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সদরঘাট নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা নিখোঁজ যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে ওয়াইজঘাট এলাকা থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা কেরানীগঞ্জের কালিগঞ্জ ঘাটের দিকে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝ বরাবর আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সুন্দরবন-৯ কোম্পানীর একটি লঞ্চ পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এ সময় নৌকাটি ডুবে যায়। ঘটনার সাথে সাথে আশেপাশের অন্য নৌকা চলে এলে মাঝিসহ তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি ৪ জন পানির নীচে তলিয়ে যায় বলেও তারা জানান।
সদরঘাট নৌ ফাড়ির ওসি রেজাউল করিম ভুইয়া জানান, ঘাটে থাকা একটি লঞ্চ স্টার্ট দিলে লঞ্চের পিছনে থাকা একটি খেয়া নৌকা ডুবে যায়। নৌকায় মাঝিসহ ৭ জন যাত্রী ছিলো, আশপাশের নৌকা তাৎক্ষনিক ৩ জনকে উদ্ধার করতে পারলেও বাকীরা পানির নীচে তলিয়ে যায়। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।