সাফ অনূর্ধ্ব-১৫

শিরোপার লক্ষ্যে ভুটান যাচ্ছে মেয়েরা

২০১৭ সালে ঢাকায় ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। পরের বছর সেই ভারতের কাছেই ফাইনালে হারতে হয়েছিল তাদের। তাই শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আজ ভুটান যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। নতুন-পুরনো মিশেলে গড়া বাংলাদেশ দল এবার চারজাতির এই আসরে অন্যতম ফেভারিট হিসেবেই খেলবে।

দলসংখ্যা কম বলে এবার আর গ্রুপভিত্তিক খেলা হবে না। চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার পর ১৫ অক্টোবর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। বাংলাদেশ স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ৯ অক্টোবর মিশন শুরু করবে। কোচ গোলাম রব্বানী ছোটনের গড়া ২৩ সদস্যের এই দলটিতে ১৪জন নতুন খেলোয়াড়। যাদের অতীতে কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। এই নতুনদের নিয়েই বাংলাদেশ এই আসরে চ্যাম্পিয়ন হতে চাইছে।