ভারতের সঙ্গে চুক্তির মাধ্যমে সরকার বড় রকমের অপরাধ করেছে: মান্না

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ব্যর্থ হয়েছে দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভারতের সঙ্গে চুক্তি হয়েছে তাতে দেশের স্বার্থ রক্ষা হয়নি। এই চুক্তির মাধ্যমে সরকার যে বড় রকমের অপরাধ করেছে টা ক্যাসিনো অভিযানের মাধ্যমে চেপে রাখা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে এ চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সমসাময়িক ইস্যুতে দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই, বিশেষ করে ২০১৪ সালে কোনো ভোট ছাড়াই ক্ষমতায় থেকে যাওয়ার পর থেকে কোনো দেশের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনায় কখনো দেশের স্বার্থ রক্ষা করতে পারেনি। প্রতিটি ক্ষেত্রেই দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে। এবারও সেটার ব্যতিক্রম হয়নি, তবে এবারের ব্যক্তি এবং তীব্রতা হয়েছে অবিশ্বাস্য রকম বেশি।

তিনি বলেন, একটা দ্বিপাক্ষিক আলোচনা উভয় পক্ষের জন্য মঙ্গলকর হতে হবে। কোন পক্ষ কতটা লাভবান হবে সেটাই কিছুটা তারতম্য মেনে নেওয়া যায়, কিন্তু এবার যেসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সেগুলোর দিকে তাকালে দেখা যাবে এতে বাংলাদেশের ন্যূনতম স্বার্থ রক্ষিত হয়নি।

সর্বপ্রথম আমরা দাবি করব এই চুক্তিগুলোর খুঁটিনাটি জনগণের জন্য প্রকাশ করা হোক। আমরা বিশ্বাস করি তাতে আমাদের সামনে আরো অনেক ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে।