এনসিএলের টাইটেল স্পনসর ওয়ালটন

১০ অক্টোবর শুরু হবে ঘরোয়া ফার্স্টক্লাস ক্রিকেটের সবচেয়ে পুরোনো আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এই আসরের টাইটেল স্পনসর হিসেবে থাকবে ওয়ালটন। এবারের আসরসহ মোট তিন আসরের সঙ্গে থাকবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি।

সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এই ঘোষণা দেন। ওয়ালটনের সঙ্গে জাতীয় ক্রিকেট লিগের সম্পর্কটা অবশ্য পুরোনোই। টানা আট বছর ধরে জাতীয় ক্রিকেট লিগে পৃষ্ঠপোষকতা করে আসছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার দেশের চার ভেন্যুতে শুরু হবে জাতীয় লিগের এবারের আসর। মোট ৮টি দল নিয়ে হবে আসর। দলগুলো হলো- রাজশাহী, খুলনা, ঢাকা মেট্রো, সিলেট, ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম।

প্রথম স্তরে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর সঙ্গে থাকবে রংপুর, খুলনা ও দ্বিতীয় স্তর থেকে উঠে আসা ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরে খেলবে ঢাকা মেট্রো, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল। বরিশাল প্রথম স্তর থেকে নেমে এসেছে। এবারের আসরে প্রথম কয়েক রাউন্ডে খেলবে জাতীয় দলের খেলোয়াড়রা।