মানুষের প্রতিবাদী কণ্ঠস্বরকে নির্মূল করতে ফাহাদকে হত্যা: মির্জা ফখরুল

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠস্বরকে নির্মূল করতে এবং হিটলারি শাসন বজায় রাখতে ফাহাদকে হত্যা করা হয়েছে।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শের-ই-বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার ঘটনায় সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, অবৈধ আওয়ামী সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে সশস্ত্র সন্ত্রাসীরা নৃশংস ও পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে।

তিনি বলেন, স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের হিংস্র রূপ দেশের মানুষকে বোবা করে ফেলেছে। অজানা আশঙ্কা, আতঙ্ক আর ভয়ের এক বিষাদময় পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে বিপর্যস্ত করে তুলেছে।

ফখরুল বলেন, ফাহাদকে নির্মমভাবে হত্যা করার ঘটনা আবারও প্রমাণ করল- বর্তমান স্বৈরাচারী দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠকে নির্মূল করে নিজেদের হিটলারি শাসন বজায় রাখতে চায়। তবে জনগণ তাদের এই মনোবাসনা কোনো দিনই পূরণ হতে দেবে না।

এ সময় মির্জা ফখরুল আবরার হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে আবরারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।