ছাত্রলীগ কর্তৃক বুয়েট ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১ টার দিকে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বুয়েট ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভে অংশ নিয়ে ডাকসুর ভিপি নুরূল হক নুর বলেন, ছাত্রলীগ একটি সন্ত্রাসী দল। এর আগেও তারা ছাত্র নির্যাতন করেছে, কোনো বিচার হয়নি। প্রশাসন এবং ছাত্রলীগ মিলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তারা যে ন্যক্কারজনক কাজ করেছে তার বিচার চাই। এই হত্যার বিচার না হলে সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠান অগ্নিস্ফুলিঙ্গের পরিণত হবে।
রোববার রাত ২টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফাহাদ গত ৫ অক্টোবর ফেসবুকে দেয়া একটি পোস্টে ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক কয়েকটি চুক্তির সমালোচনা করেন। ওই পোস্টের জের ধরে শিবিরকর্মী সন্দেহে ছাত্রলীগের কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে সহপাঠীদের বরাতে খবর প্রকাশ করেছে কয়েকটি সংবাদমাধ্যম। পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৯ নেতাকে আটক করেছে।