বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগ কর্তৃক পিটিয়ে ফাহাদ নামে এক ছাত্রকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে বক্তারা বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি করেন। এছাড়া, সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান, বুয়েট ছাত্রদলের সভাপতি শাফিউল মুসাব্বির শাফি প্রমুখ বক্তব্য রাখেন।
রোববার রাত ২টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফাহাদ গত ৫ অক্টোবর ফেসবুকে দেয়া একটি পোস্টে ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক কয়েকটি চুক্তির সমালোচনা করেন। ওই পোস্টের জের ধরে শিবিরকর্মী সন্দেহে ছাত্রলীগের কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে সহপাঠীদের বরাতে খবর প্রকাশ করেছে কয়েকটি সংবাদমাধ্যম। পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৯ নেতাকে আটক করেছে।