সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ দেখে শিশুর মৃত্যু

কুমিল্লার চান্দিনায় পিকআপ ভ্যানের চাপায় মাসুম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার  সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া-বাখরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাসুমের মরদেহ দেখে মরিয়ম (৪) নামের এক শিশু অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই শিশুটিও মারা যায়।

দুর্ঘটনায় নিহত মাসুম কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাধানগর পশ্চিমপাড়া এলাকার মোসলেম মিয়ার ছেলে। আর শিশু মরিয়ম মাধাইয়া এলাকার রমজান আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী জামাল হোসেন জানান, মাসুম মারা যাওয়া মরিয়মের পিতা রমজান আলীর বন্ধু। সকালে মাসুম রমজান আলীর বাড়িতে এলে শিশু মরিয়ম, রমজান আলী ও তার বন্ধু মাসুম মহাসড়কের পাশের হোটেলে নাশতা করতে যায়। এ সময় সড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাসুমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। সঙ্গে থাকা মরিয়ম নিহত মাসুমের বীভৎস মরদেহ দেখে চিৎকার দিলে চেতনা হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।