মাঠে ব্র্যাথওয়েট-সিমন্সের ঝগড়ার ভিডিও ভাইরাল

মাঠেই তুমুল তর্কে জড়ালেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার কার্লোস ব্র্যাথওয়েট ও লেন্ডন সিমন্স। একজন আরেকজনের দিকে রীতিমতো তেড়ে গেলেন। পারলে যেন হাতাহাতি বাঁধে তাদের।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রবিবার এলিমিনেটর ম্যাচে এই ঘটনা ঘটে। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্র্যাথওয়েটের নেতৃত্বাধীন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। সিমন্স ছিলেন ত্রিনবাগোতে।

ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় ত্রিনবাগো। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২৫ রান করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। জবাবে ত্রিনবাগো ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

ঘটনাটা ঘটে ত্রিনবাগোর ব্যাটিং ইনিংসে। অষ্টম ওভারের খেলা চলছিল তখন। ফাবিয়ান অ্যালেনের বল স্কয়ারে ঠেলেছিলেন উইকেটরক্ষক ব্যাটার দিনেশ রামদিন। রান শেষ করার পর সিমন্সের সঙ্গে কথা বলতে এগিয়ে যান ক্রিজ ছেড়ে। প্যাট্রিয়ট অধিনায়ক ব্র্যাথওয়েট তখন বল ধরে রানআউট করার চেষ্টায় বেল ফেলে দেন।

আম্পায়ার অবশ্য তার আবেদন নাকচ করে দেন। কিন্তু এরপরই ব্র্যাথওয়েটের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় সিমন্সের। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় দুই আম্পায়ারকে। সরিয়ে দেওয়া হয় দুজনকে। সিমন্স ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন।