লক্ষ্মীপুরের রামগঞ্জে এলজিএসপির রাস্তার উন্নয়ন কাজে অনিয়মের প্রতিবাদ করায় নুরুল আমিন নামে এক ইউপি সদস্য ও তার লোকজন রাসেল হোসেন নামের এক কলেজছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোট গ্রামের মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটেছে।
রাসেলকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার দল্টা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় রাসেল বাদী হয়ে ইউপি সদস্য নুরুল আমিনকে আসামি করে রামগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগে উল্লেখ করা হয়, মারধরের সময় রাসেলের সঙ্গে থাকা মুঠোফোন, সোনার চেইন ও টাকা লুট করে নিয়ে যান নুরুল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশারকোটা গ্রামের হাজীবাড়ির সামনে এলজিএসপি প্রকল্পের ২ লাখ টাকা ব্যয়ে ৬০০ ফুট রাস্তা সলিং করার কথা থাকলেও নুরুল আমিন পুরনো ইটের রাবিশ দিয়ে রাস্তার কাজ করতে গেলে রাসেল হোসেন পªতিবাদ করেন। এতে ড়্গিপ্ত হয়ে নুরুল আমিন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন এবং সঙ্গে থাকা মুঠোফোন, সোনার চেইন ও টাকা লুট করে নিয়ে যান।
অভিযোগের বিষয়ে নুরুল আমিন বলেন, ‘রাসেল কলেজে পড়ে। ওই ছেলে সড়ক নির্মাণকাজের কী বোঝে। আমার কাজে বাধা দেওয়ায় কিছু উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দিয়েছি।’
রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, অভিযোগের আলোকে ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।