ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের প্রথমটি হাতে পেয়েছে ভারত। যুদ্ধবিমান হাতে পেয়েই এক চক্কর উড়ান দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেন অস্ত্র পূজাও।
জি নিউজ জানায়, দুই দশক ধরে রাফাল যুদ্ধবিমানের অপেক্ষায় ছিল ভারত। মঙ্গলবার বিজয়া দশমীতে এল সেই প্রতীক্ষিত মুহূর্ত।
এদিন একটি রাফাল যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে হাতে পায় ভারত সরকার। যুদ্ধবিমান হাতে পাওয়ার পর রীতি মেনে অস্ত্র পূজা করেন রাজনাথ। বিজয়া দশমীতে দেশের বিভিন্ন অস্ত্র পূজা করা হয়।
সেই রীতি মেনে রাফালের গায়ে সিঁদুর দিয়ে ‘ওঁ’ লেখেন রাজনাথ সিং। রাফালে একটি নারকেলও রাখেন। চাকার সামনে রাখা হয় লেবু।
পূজা-অর্চনার পর রাফাল যুদ্ধবিমানে সওয়ার হন রাজনাথ সিং। তাকে নিয়ে একটা চক্কর কাটে রাফাল। এসময় পাইলট হিসেবে ছিলেন নির্মাণকারী সংস্থা দাসোঁর টেস্ট পাইলট ফিলপ।
রাফালে চড়ে উচ্ছ্বসিত রাজনাথ সিং বলেন, ‘খুব আরামদায়ক। একটা অপ্রত্যাশিত মুহূর্ত। সুপারসনিক যুদ্ধবিমানে বসার সুযোগ পাব কখনো ভাবিনি।’
ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশন এই যুদ্ধবিমান তৈরি করছে। ২০১৬ সালে হওয়া ৫৯ হাজার কোটি রুপির চুক্তি অনুযায়ী ৩৬টি রাফাল যুদ্ধবিমান পাবে ভারত। আগামী ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে সবক’টি বিমান ভারতে পৌঁছাবে।