প্লাস্টিক বর্জ্যে দখল করে ফেলছে পৃথিবীর সমুদ্র তলদেশ। প্লাস্টিক পণ্য খেয়ে অহরহ মারা যাচ্ছে সামুদ্রিক প্রাণী। নতুন করে এ রকম আরও একটি ঘটনায় মর্মাহত করেছে বিশ্ববাসীকে।
প্লাস্টিকের টুকরো খেয়ে মারা গেছে একটি কচ্ছপের বাচ্চা। যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় বোকারাটনে কচ্ছপটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কচ্ছপটির পেট থেকে মিলেছে ১০৪টি প্লাস্টিকের টুকরো।
পেট থেকে বের করা প্লাস্টিকের টুকরোসহ কচ্ছপটির ছবি প্রকাশ করে গুম্বো লিম্বো নেচার সেন্টার। ফেসবুকে সেই ছবি ভাইরাল হয়ে পড়ে। এতে নেটিজেনেরা প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
জানা যায়, প্লাস্টিকের আঘাতে নিশ্বাস আটকে গিয়েছিল ছোট্ট প্রাণীটির। এটির পেট থেকে উদ্ধার করা হয় ছোট ছোট প্লাস্টিকের টুকরো। যার মধ্যে ছিল বোতলের ছিপি, বেলুনও।
ওই সেন্টারের এক চিকিত্সক জানিয়েছেন, সামুদ্রিক ওই শিশু কচ্ছপটির পেটভর্তি প্লাস্টিক ছিল। ফলে সে অন্য কিছু খেতেও পারছিল না। এটির দেহে প্রোটিনের ঘাটতি ঘটেছিল অনেকটাই। ফলে অনাহারেই বেশ কিছুদিন থাকার পর কচ্ছপটি মারা যায়।