জার্মানিতে ইহুদিদের প্রার্থনাস্থলের কাছে বন্দুক হামলা, নিহত ২

জার্মানিতে ইহুদিদের একটি প্রার্থনাস্থলের কাছে গুলিতে অন্তত দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

হ্যালের পলস জেলায় বুধবার এ গুলির ঘটনা ঘটে। এদিকে পুলিশ সন্দেহভাজন হামলাকারীদের খুঁজছে। স্থানীয় পত্রিকার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

স্থানীয় পুলিশ এক টুইট বার্তায় জানায়, ‘প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুজন নিহত হয়েছেন। সেখানে আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। আমরা হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

বুধবার ইহুদিদের সবচেয়ে পবিত্র দিন ‘ইওম কিপুর’ পালিত হচ্ছে। ইহুদিরা এ দিন ২৪ ঘণ্টার বেশি সময় রোজা রাখে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর পোশাক পরা এক বন্দুকধারী এ হামলা চালিয়েছে। তার হাতে কয়েকটি অস্ত্র ছিল।

এদিকে হ্যাল নগরীর প্রধান ট্রেন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। হামলাকারীকে শনাক্ত না করা পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের ঘরে অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ।