কোটালীপাড়ায় প্রেমের দ্বন্দ্বে খুন হয় স্কুলছাত্র সৌরভ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রামে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় সাজ্জাদ হোসেন (১৮) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। প্রেমঘটিত দ্বন্দ্বের জের ধরে স্কুলছাত্র সৌরভ গাঙ্গুলীকে কুপিয়ে হত্যা করা হয় বলে সাজ্জাদ পুলিশকে জানিয়েছে।

বুধবার সকালে খুলনার মহেশ্বরপাশা এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ সাজ্জাদকে আটক করে। তাদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কুঠিখালী গ্রামে।

পুলিশ জা‌নি‌য়ে‌ছে, সাজ্জাদ হোসেন পেশায় একজন নলকূপ মিস্ত্রি। সে কোটালীপাড়ার দেবগ্রাম এলাকায় নলকূপ বসানোর কাজ করার সুবাদে ওই এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই মেয়ের সঙ্গে সৌরভ গাঙ্গুলী কথা বলায় তার সঙ্গে সাজ্জাদের বিরোধের তৈরি হয়। বিরোধের জের ধরে গত ৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সাজ্জাদ সৌরভকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে সাজ্জাদকে আটক করে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ সৌরভকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, পুলিশ আটক সাজ্জাদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার সাজ্জাদকে আদালতে পাঠানো হবে।

নিহত সৌরভ গাঙ্গুলী কোটালীপাড়া উপজেলার মধ্য দেবগ্রাম এলাকার বিমল গাঙ্গুলীর ছেলে। সে দেবগ্রাম এলাকায় উমাচরণ পূর্ণচন্দ্র সর্বজনীন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে স্কুলের মেসে থেকে পড়াশোনা করত।