দাবানল ঠেকাতে প্রায় ৮ লাখ ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কোম্পানি। বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।
আবহাওয়ার এক পূর্বাভাসে ক্যালিফের্নিয়া ও সানফ্রান্সিসকোর উপক‚লবর্তী অঞ্চলগুলোর বিশাল একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ সেবাদানকারী সংস্থা প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের (পিজিএন্ডই) কর্র্তৃপক্ষ জানিয়েছে, এই অচলাবস্থা কয়েক দিন স্থায়ী হতে পারে। যদিও এতে স্থানীয় বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করেছে। তবে তারা কর্র্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার দিকে মনোযোগী হয়েছে।
বিবিসি জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে অঞ্চলটিতে উচ্চগতির বাতাসের সম্ভাবনার কথা বলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এমনটি হলে হুমকির মুখে পড়তে পারে বিদ্যুৎব্যবস্থা। তা ছাড়া অঞ্চলটিতে আগের ক্ষয়ক্ষতি বিবেচনা করে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
গত মঙ্গলবার সান হোসের জরুরি অবস্থাবিষয়ক ব্যবস্থাপনা পরিচালক রে রিয়োরডান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ধরনের পরিস্থিতিতে শুষ্ক জ্বালানি, উচ্চগতির বাতাস এবং উষ্ণ আবহাওয়া যেকোনো বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এ ব্যাপারগুলো বিবেচনায় আনা হয়েছে। শুধু নিরাপত্তার কথা মাথায় রেখে কয়েক দিনের এই অচলাবস্থা বজায় থাকবে।