সারা দেশে কমেছে ডেঙ্গু রোগী, খুলনায় এক নারীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার দিনে এখানে ডেঙ্গুতে ৭ নারীর মৃত্যু হলো। আর খুলনায় চিকিৎসাধীন মৃত্যুর সংখ্যা পৌঁছাল ১৯ জনে।

তবে গত দুদিনে সারা দেশে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৫৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছর ডেঙ্গু সন্দেহে ২৪২ জনের মৃত্যুর তথ্য তাদের কাছে এসেছে। এদের মধ্যে অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করে ৮১ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছে।

আমাদের খুলনার নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফি বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মতি রাসেলের স্ত্রী। গত মঙ্গলবার গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।