২৪ ঘণ্টার ব্যবধানে সদ্যঘোষিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির আরেক সদস্য অ্যাডভোকেট আশেক-এ-রসুলকে বহিষ্কার করেছে বিএনপি।
গতকাল বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকা-ের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি থেকে অ্যাডভোকেট আশেক-এ-রসুলকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান গতকাল দেশ রূপান্তরকে বলেন, নোয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন গংরা বিএনপি সমর্থক পারুল বেগমকে ধর্ষণ করে। বিএনপি ধর্ষকের শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। ঠিক এমন অবস্থায় দলের বিরুদ্ধে গিয়ে দল-সমর্থক পারুল বেগমের ধর্ষকদের পক্ষে আইনি লড়াই চালান আশেক-এ-রসুল। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিষয়টি কেন্দ্রীয় বিএনপি নেতাদের জানানো হলে আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির এ সদস্যকে ফোরাম থেকে বহিষ্কার করা হয়। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেওয়ায় অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে বহিষ্কার করেছে বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে ওই অ্যাডভোকেটের কোনো সম্পর্ক থাকবে না।