বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটি। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কমিটি। গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ভিসি ড. আক্তারুজ্জামান।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো মাদকসেবী, মাদক কারবারি, মাদকাসক্ত এবং সন্ত্রাসীর অবস্থানের সুনির্দিষ্ট তথ্য জানা থাকলে, তা অনতিবিলম্বে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করতে শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা সমাপ্ত হওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। হল প্রশাসন প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করবে। কোনো শিক্ষার্থী হল প্রশাসনের অনুমতি ছাড়া হলে উঠতে ও অবস্থান করতে পারবে না। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।