কাজল ও রানি মুখার্জি। সম্পর্কে তারা চাচাতো বোন। তা সত্ত্বেও সম্প্রতি মুম্বাইয়ের মুখার্জি বাড়ির পূজায় তাদের একসঙ্গে দেখে অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। সময় কি বরফ-শীতল সম্পর্কে উষ্ণতার প্রলেপ লাগিয়ে দিল?- এই প্রশ্ন অনেকের।
আনন্দবাজার পত্রিকা জানায়, দুর্গাপূজার প্রথম দিন থেকে দশমীর সিঁদুর খেলা পর্যন্ত বারবার এক ফ্রেমে ধরা দিয়েছেন কাজল ও রানি। অথচ দুজনের ক্যারিয়ারের স্বর্ণ সময়ে সম্পর্ক এতটা মধুর ছিল না। এমনকি আগের পূজায় তাদের মধ্যে এত ঘনিষ্ঠতা দেখা যায়নি।
কাজল ও রানির মধ্যকার শীতল লড়াইয়ের কথা অনেকেরই জানা। প্রকাশ্যে না হলেও আকার-ইঙ্গিতে দুজনেই বুঝিয়ে দিতেন।
শোনা যায়, বোন হলেও করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে রানিকে এতটুকু জায়গা ছেড়ে দেননি কাজল। কারণ তিনি তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী, রানি সবে বলিউডে পা রেখেছেন।
স্বভাবের দিক থেকেও নাক-উঁচু বলে নাম ছিল কাজলের। অন্য দিকে, যৌথ পারিবারিক কাঠামোয় রানিদের পরিবার অনেকটা কোণঠাসা ছিল বলে শোনা যায়। তবে অভিনেত্রী হিসেবে রানিও পরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে তার বিয়ে হয়। বদলে যেতে থাকে অনেক সমীকরণ।
দুজনের মধ্যে সর্বশেষ বিরোধ ঘটে সিনেমা মুক্তি নিয়ে। কয়েক বছর আগে দিওয়ালিতে মুক্তি পায় রানির শ্বশুর ইয়াশ চোপড়া পরিচালিত ‘জাব তাক হ্যায় জান’ ও অজয় দেবগণের ‘শিবাই’। ওই সময় হল বরাদ্দ নিয়ে ইয়াশরাজ ফিল্মসের বিরুদ্ধে অভিযোগ করেন কাজলের স্বামী। যার আঁচ দুই বোনের সম্পর্কেও পড়ে।
এখন দুই অভিনেত্রী পরিণত হয়েছেন। ক্যারিয়ার ও সংসার- সব ক্ষেত্রেই তারা সুখী। তাই পূজার আবহে তাদের হাসিমুখের ঝলকানি সর্বত্র।
‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে পা রাখেন করণ জোহর। যিনি কাজল ও রানিকে ‘লাকি মাসকট’ মনে করেন। তিনিই নাকি দুই নায়িকার মধ্যে মিল করিয়ে দেন। দুর্গাপূজার দশমীতে হাজির হয়ে ‘অঞ্জলি’ ও ‘টিনা’র সঙ্গে ছবি তোলেন। যা ছিল মুখার্জি বাড়ির পূজার অন্যতম পাওয়া।