বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার দুপুরে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে গণ পদযাত্রায়ও অংশ নেন নুর।
তিনি বলেন, আবরার হত্যাকাণ্ড এবং দেশের স্বার্থবিরোধী চুক্তি নিয়ে সবাই প্রতিবাদমুখর হয়েছে। এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা চাই শিক্ষাঙ্গনগুলোতে শুভ সূচনা হোক।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে মাস্টার্স শেষ হওয়ার পনের দিনের মধ্যে হল ছাড়তে হবে- এটি ভালো উদ্যোগ। আমরা, বিভিন্ন সংগঠনও এই ধরনের উদ্যোগই নেওয়ার জন্য জানিয়ে এসেছি এতদিন। কিন্তু আন্দোলন থেমে গেলে এভাবে উদ্যোগগুলো থেমে যায়।
আবরার হত্যার বিচার না হলে কর্মসূচি অব্যাহত থাকবে- উল্লেখ করে নুর বলেন, সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। রবিবার মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বুয়েট ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আবরার হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন তার বাবা বরকতুল্লাহ।
এদিকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুয়েট শাখার ১১ জন নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ফেনী নদীর পানি বণ্টন ও বন্দর ব্যবহারসহ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়।