দীপিকা সত্য বললে বাড়ি ফিরবে না রণবীর

স্বামী রণবীর সিং সম্পর্কে প্রশ্নের উত্তর দিলেন না দীপিকা পাড়ুকোন। জানালেন, জবাব দিলে ‘বেফিকরে’ অভিনেতা আর বাড়ি ফিরবে না। সম্প্রতি শেখর গুপ্তার সঙ্গে কথোপকথনে এমনটা জানান নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীপিকার বিপক্ষে রণবীরের ব্যাডমিন্টন খেলা নিয়ে ছিল প্রশ্ন। তারপরই মজার উত্তর আসে।

দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। কিশোরী বয়সে এই নায়িকা জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন। পরে ফ্যাশন মডেল ক্যারিয়ারের জন্য খেলায় ইতি টানেন। সেই সূত্রে বলিউডে অভিষেক তার।

শেখর গুপ্তার ওই অনুষ্ঠানে দর্শক সারি থেকে প্রশ্নের আহ্বান করা হয়। সেখানে একজন জিজ্ঞাসা করেন, দীপিকা-রণবীর কখনো ব্যাডমিন্টন কোর্টে মুখোমুখি হয়েছিলেন কিনা? কে জিতেছিল সেই খেলায়?

উত্তরে ‘পদ্মাবত’ অভিনেত্রী বলেন, “আমি যদি স্কোর নিয়ে বলি রণবীর মন খারাপ করবে। সে এখন হায়দরাবাদে আছে। তাহলে সেখান থেকে আর ফিরবে না।”

দীর্ঘ বিরতির পর সামনের ১০ জানুয়ারি ‘ছাপাক’ বড়পর্দায় দেখা যাবে দীপিকাকে। মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের জীবনী অবলম্বনে। নাম ভূমিকায় আছেন দীপিকা। ইতিমধ্যে দীপিকার অ্যাসিড আক্রান্ত লুক প্রকাশ হয়েছে।

‘ছাপাক’-এর বরাবর তিন মাস পর মুক্তি পাবে ‘৮৩’। বিশ্বকাপ ক্রিকেটে ১৯৮৩ সালে ভারতের বিজয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ছবি। যেখানে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। অন্যদিকে কপিলের স্ত্রী রোমি দেবের চরিত্রে আছেন দীপিকা। পরিচালনা করছেন কবির খান।