স্ত্রী-সন্তানের লাশের পাশে ঝুলছিল গার্মেন্ট ব্যবসায়ীর লাশ

রাজধানীর কাফরুলের একটি বাসায় স্ত্রী-সন্তানসহ এক গার্মেন্ট ব্যবসায়ী লাশ পাওয়া গেছে। আর্থিক অনটন, ব্যবসায় ধস এবং ব্যাংক ঋণের চাপে তারা আত্মহত্যা করেছেন বলে প্রতিবেশীরা দাবি করলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

কাফরুল থানাধীন মিরপুর ১৩ নম্বরের ৫ নম্বর সেকশনের ১০ নম্বর বাড়ির তৃতীয় তলার শয়নকক্ষে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন- স্বামী সরকার মোহাম্মদ বায়েজীদ (৪৪), স্ত্রী কোহিনুর আক্তার অঞ্জনা (৪২) এবং তাদের ছেলে এসএম ফারহান (১৭)। ফারহান কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ঘটনাস্থলে থাকা একটি ইংরেজি দৈনিকে কর্মরত প্রতিবেশী আবদুল আহাদ কচি বলেন, নিহতদের এক আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে গিয়ে দেখতে পাই- শয়নকক্ষ স্ত্রী আর সন্তানের লাশের পাশেই স্বামী বায়েজীদের লাশ ঝুলছিল।

প্রতিবেশীদের ধারণা, বায়েজীদ স্ত্রী অঞ্জনা ও ছে‌লে ফারহান‌কে খাবা‌রের সঙ্গে বিষ মি‌শি‌য়ে হত্যা ক‌রে নি‌জে গলায় ফাঁস নি‌য়ে আত্মহত্যা ক‌রেছেন।

তারা বলেন, রা‌তে বা সকা‌লের কোনো একসময় এ ঘটনা ঘ‌টে। পা‌শের ফ্ল্যা‌টের বা‌সিন্দারা তা‌দের কোনো সাড়া না পে‌য়ে দরজা ভেঙে বায়েজীদের ঝুলন্ত লাশ দেখতে পে‌য়ে পুলিশকে খবর দেয়।

এ সময় বা‌য়েজীদের ঘ‌রের দেয়া‌লে নানা রকম লেখা দেখ‌তে পায় প্রতিবেশীরা। আর্থিক অনটন, ব্যবসায় ধস এবং ব্যাংক ঋণের বোঝা বইতে না পেরে তারা আত্মহত্যা করছেন বলে ধারণা প্রতিবেশীদের।

জানতে চাইলে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠাতে ঘটনাস্থলে গেছে পুলিশের একটি দল।

তবে তিনি বলেন, কী কারণে এবং কীভাবে তারা মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।