বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে ছাত্রলীগের শোক র্যালিতে কয়েকটি অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া একটি শোক র্যালি টিএসসি থেকে শহীদ মিনার হয়ে বুয়েটের দিকে যায়। শোক র্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, টিএসসি, শামসুননাহার হলের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স আটকে যায়। র্যালিতে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের রাস্তা ছাড়ার অনুরোধ করলে তারা একটু পর ছাড়বে বলেও ছাড়েননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ বৃহস্পতিবার অনেক বেশি নেতাকর্মী নিয়ে শোক র্যালি করেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অনেক নেতাকর্মী আনা হয়। এসব নেতাকর্মীদের অসহায়তার জন্য অ্যাম্বুলেন্স আটকে থাকে।
অ্যাম্বুলেন্স আটকে র্যালির বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, অ্যাম্বুলেন্স আটকে কোনো র্যালি হয়নি, যদি আটকে থাকে, তাহলে হয়তো যানজটের কারণে আটকা পড়েছে।
রোববার রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।