যুক্তরাষ্ট্রের আস্থা অর্জনে এতদিন যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে উত্তর কোরিয়া চাইলেই তার উল্টো পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেছে পিয়ংইয়ং। কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র দৃষ্টিভঙ্গি না বদলালে উত্তর কোরিয়া ধৈর্য হারাবে বলে হুঁঁশিয়ার করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা কেসিএনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, উত্তর কোরীয় এই কর্মকর্তা চলতি মাসে মার্কিন বিমান বাহিনী যে মিনিটম্যান থ্রি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ পরীক্ষা আমাদের ওপর চাপ দেওয়ার জন্য করা হয়েছে।’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার আত্মরক্ষার অধিকারে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন ওই মুখপাত্র। গত মঙ্গলবার পরিষদের ৫ ইউরোপীয় দেশের এক বৈঠকে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘পূর্ণাঙ্গ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয় উপায়ে’ বিসর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল। পিয়ংইয়ং সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সফল পরীক্ষা চালানোর কয়েক দিন পর দেশগুলো এ আহ্বান জানায়।’’