রবীন্দ্রনাথের সিলেট আগমনের শতবর্ষে ২ দিনব্যাপী উৎসবে প্রধানমন্ত্রী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১০০ বছর আগে সিলেট সফরে এসেছিলেন। তার আগমনের শতবর্ষ পূর্তিতে আগামী নভেম্বরে সিলেটে আয়োজন করা হবে ‘রবীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসব’। ৭ ও ৮ নভেম্বর দুদিনব্যাপী উৎসবের সমাপনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণ উৎসব পর্ষদ’-এর উদ্যোগে প্রশাসনের সঙ্গে এক প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। সিলেট সার্কিট হাউজে পর্ষদের আহ্বায়ক, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আবুল মাল আবদুল মুহিত বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সাহিত্য ও সংস্কৃতির সিংহপুরুষ। তার রচনাবলীর মাধ্যমে বিশ্ব সাহিত্যে বাঙালি সুমহান আসন পেয়েছে। সাহিত্য-সংস্কৃতির এই মহাপুরুষ শতবর্ষ আগে সিলেটে এসেছিলেন। তার এই আগমন স্মরণ করতে যে উৎসবের আয়োজন করা হচ্ছে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশগ্রহণ করবেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি উৎসব সফলে সবার সহযোগিতা কামনা করেন।

পর্ষদের সদস্য সচিব সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ৭ ও ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে দুদিনব্যাপী মূল উৎসব। তবে ১ নভেম্বর থেকেই সিলেটে রবীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসবের বিভিন্ন কর্মসূচি শুরু হবে। এতে বাংলাদেশ ও ভারতের শিল্পী-সাহিত্যিকসহ গুণীজন অংশ গ্রহণ করবেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পর্যদের যুগ্ম আহ্বায়ক ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাভেদ ভদ্র, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।