সপ্তম খেলোয়াড় হিসেবে ব্রাজিলের জার্সিতে শততম ম্যাচ খেলতে নামলেন নেইমার। কিন্তু মাইলফলকের ম্যাচটা স্মরণীয় করতে পারেননি তিনি। সতীর্থরাও হতাশ করেছে তাকে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে ড্র করেছে কোচ তিতের দল।
বৃহস্পতিবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফিরমিনো দলকে লিড এনে দিলেও সেনেগালের পক্ষে সমতা এনে দেওয়া গোলটি করেন ফামারা দিয়েধিও।
খেলার ৯ মিনিটেই দুরন্ত গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন ফিরমিনো। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে পেনাল্টি থেকে জোরালো শটে ব্যবধান ১-১ করেন দিয়েধিও। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি।
ব্রাজিল কোচ তিতে এদিন পূর্ণশক্তির একাদশই নামিয়েছিলেন সেনেগালের বিপক্ষে। দানি আলভেজ, থিয়াগো সিলভা, ক্যাসেমিরো, নেইমার, কুতিনহো, গ্যাব্রিয়েল জেসাস সবাই ছিলেন। জয়টা তাই প্রত্যাশিতই ছিল।
দ্বিতীয়ার্ধে ফিরমিনো, আর্থার এবং কুতিনহোকে তুলে কোচ তিতে যথাক্রমে নামান এভারটন, হেনরিক্স এবং রিচার্লিসনকে নামালেন। এতেও অবশ্য গোল পায়নি ব্রাজিল। ম্যাচে ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে ব্রাজিল। অর্থাৎ সেনেগাল পিছিয়ে ছিল না খুব বেশি।
রবিবার আরেক প্রীতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।