১ উইকেটের জয় মিঠুনদের

কলম্বোয় সিরিজের দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ১ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলকে। আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর গতকাল জয় পেয়েছে মোহাম্মদ মিঠুনের দল। ম্যাচের একেবারের শেষ বলে জয় তুলে নেয় তারা। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ দল। ৪৯ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন ওপেনার মোহাম্মদ নাঈম ও নাজমুল হোসেন শান্ত। শান্ত ২১ রানে ফিরলে জুটি ভাঙে। এরপর আফিফ ফেরেন ব্যক্তিগত ২৪ রানে। অধিনায়ক মিঠুন ৮৭ বলে ৫২ রান করেন। তার ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। এছাড়া নুরুল হাসান (২৫) ও আরিফুল হক (৭) ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় প্রথমে বাংলাদেশকে পথ দেখান মোহাম্মদ নাঈম। ঝড়ো ব্যাটিংয়ে ৪৪ রান তুলে আহত হয়ে মাঠ ছাড়ার পর ফিরে এসে যোগ করেন আরও ২২ রান। দলীয় ২২২ রানে নাঈম ৯ চারে ৫৯ বলে ৬৮ রান করে ফিরলে বাকি পথটা কঠিন হয়ে পরে বাংলাদেশ এ দলের। শেষ ওভারে জয়ের জন্য দরকার ৯ রান হাতে ২ উইকেট। জয় থেকে ২ বল ও ১ রান বাকি থাকতে আউট হন ইবাদত হোসেন (১) ফেরেন। শেষ বলে ১ রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সানজামুল ইসলাম। ৯ বলে ১১ রানে অপরাজিত ছিলেন তিনি। তার আগে কামিন্দু মেন্ডিসের ৬১, প্রিয়ামল পেরেরার ৫২ এবং চামিকা করুণারতেœর অপরাজিত ২৫ রানে ভর করে লড়াই করার মতো সংগ্রহ পায় স্বাগতিকরা। আবু হায়দার, ইবাদত হোসেন ও সানজামুল ইসলাম নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা এ দল : ২২৬ / ৯ (৫০ ওভার) (মেন্ডিস ৬১, পেরেরা ৫২; আবু হায়দার ২/৪২, সানজামুল ২/৪৩)। বাংলাদেশ এ দল : ২২৭ / ৯ (৫০ ওভার) (নাঈম ৬৮, মিঠুন ৫২, নুরুল হাসান ২৫, আফিফ ২৪, সানজামুল ১১*; মেন্ডিস ৩/৪০)।