শিশুদের উদ্দেশে আইজিপি

কখনো বিপদে পড়লে পুলিশের সাহায্য চাইবে

পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশকে জনবান্ধব পুলিশে পরিণত করা হচ্ছে। পুলিশের কাজে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়েই পুলিশ কাজ করছে। আমরা জনগণের বন্ধু হতে চাই, জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য এ দেশকে সবার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা। দেশকে সমৃদ্ধিশালী ও উন্নত দেশে পরিণত করা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী ‘ছোটরা বলবে, বড়রা শুনবেন’ শীর্ষক ‘আমার কথা শোনো’ অনুষ্ঠানে ‘পুলিশ আমার বন্ধু’বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিশুরা প্রায় দেড় ঘণ্টা ধরে শিশু পাচার, ছেলে ধরা আতঙ্ক, পুলিশকে কীভাবে বন্ধু ভাবা যায়, ফুটওভার ব্রিজ, শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানো, শিশু হত্যা, যানজট ইত্যাদি বিষয়ে আইজিপির কাছে জানতে চায়। আইজিপি ধৈর্য ধরে মনোযোগের সঙ্গে শিশুদের প্রতিটি প্রশ্ন শোনেন এবং তাদের উপযোগী করে জবাব দেন।

পুলিশকে কীভাবে বন্ধু হিসেবে পাওয়া যায়, এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তোমরা যদি কখনো পথ হারিয়ে ফেলো, অথবা হারিয়ে যাও বা কোনো বিপদে পড়ো, তাহলে আশপাশে পুলিশকে খুঁজবে। পুলিশ তোমাদের সাহায্য করবে।

পুলিশ সব সময়ই তোমাদের একজন কাছের মানুষ, একজন কাছের বন্ধু। তোমরা পুলিশের সাহায্যের জন্য ৯৯৯ নম্বরেও টেলিফোন করতে পারো।

তিনি কখনো কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার, চকলেট, পানীয় ইত্যাদি গ্রহণ না করার জন্য শিশুদের পরামর্শ দেন। কাউকে সন্দেহ হলে আশপাশে থাকা পুলিশকে জানানোর উপদেশ দেন আইজিপি।