চট্টগ্রাম সিটির লক্ষাধিক মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করা হচ্ছে জানিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘সরকার প্রান্তিকের ক্ষুদ্র ব্যবসায়ী, মেধাবীদের শিক্ষাবৃত্তি, কারিগরি প্রশিক্ষণসহ নানাক্ষেত্রে সহায়তা দিচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার চসিকে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’ জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচি বাস্তবায়নে সিটি প্রজেক্ট বোর্ড ও সিটি স্টিয়ারিং কমিটির ওরিয়েন্টেশন প্রোগ্রামে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শহরে বসবাসরত বৃহৎ দরিদ্র জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা সম্ভব নয়। এজন্য স্থানীয় সরকার বিভাগ শহরে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউএনডিপির সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মূল লক্ষ্য, শহরের দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সুষম ও টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন করা।’
তিনি আরও বলেন, ‘সরকার পর্যায়ক্রমে সারা দেশের ১২টি সিটি করপোরেশন ও ২৪টি প্রথম শ্রেণির পৌরসভায় বসবাসকারী নিম্ন আয়ের ৪০ লাখ লোকের জীবনমান ও জীবনযাত্রা উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পদক্ষেপ নেবে।’
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে সভায় প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক ড. পীযূষ দত্ত, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) সৈয়দ কামরুল আনোয়ার, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম প্রমুখ বক্তব্য রাখেন।