ভুটানের পর নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে নেপালকে ২-১ গোলে হারায় তারা।
ভুটানের মতো নেপালের বিপক্ষেও দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে বিরতির সময় এই দুই গোলে থাকলেও দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি লাল-সবুজ দল।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটেই অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র বল নিয়ে প্রতিপক্ষের বক্সের ভেতরে ঢুকে পড়লেও শট নিতে ব্যর্থ হন। ১১ মিনিটে হতাশ হতে হয় নওশিন জাহানের হেড ক্রস বার উঁচিয়ে চলে যাওয়ায়।
তবে পরের মিনিটিতে বাংলাদেশে এগিয়ে দেন ভুটানের বিপক্ষে গোল করা শাহেদা আক্তার। নেপালের দুজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়ান তিনি।
২৪ মিনিটে আবারও এগিয়ে যায় লাল-সবুজ দল। এবার গোলটি করেন পেনাল্টি থেকে অধিনায়ক শামসুন্নাহার।
বিরতির পর স্বপ্না রানীর শট নেপালের গোলকিপার ফিরিয়ে দিলে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। প্রথমার্ধে নেপাল গোলশূন্য থাকলেও ৬৪ মিনিটে গিয়ে সুষমা জিটি গোল করলে গোলের স্কোর লাইন দাঁড়ায় ২-১।
শেষদিকে নেপালের মেয়েরা মরিয়া হয়ে গোলের চেষ্টা করলেও বাংলার মেয়েরা তা রুখে দিতে সক্ষম হয়।