ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের দিন ঠিক করা হয়। বৈঠক শেষ সাংবাদিকদের এসব কথা জানান সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার।
আবু কাওসার বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ১১ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের এবং কৃষিবিদ ইনস্টিটিউটে ১২ নভেম্বর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর ১৬ নভেম্বর কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে আগামী ২৬ অক্টোবর একটি বর্ধিত সভাও করা হবে। সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে বলেও জানান মোল্লা মো. আবু কাওসার।
সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনে সহসভাপতি নির্মল রঞ্জন গুহকে এবং সদস্যসচিব করা হয়েছে যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হোসেন সাচ্চুকে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রত্যেকে প্রস্তুতি কমিটির সদস্য করা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেন, দল ঐক্যবদ্ধ রয়েছে। রাজনীতি ঘিরে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা টিকে আছি। যে কোনো ষড়যন্ত্র রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে। শত্রুপক্ষ আঘাত হানার চেষ্টা করবে, বিভ্রান্ত করবে। হতাশ হলে চলবে না। নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমাদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব।