বাছাই পর্বের ম্যাচে লুক্সেমবার্গকে উড়িয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বের আরও কাছে চলে এসেছে পর্তুগাল। দলের সহজ জয়ে গোল পেয়েছেন তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।
লিসবনে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় প্রতিযোগিতার গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। বের্নার্দো সিলভার গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো ও গনসালো গুয়েদেস।
নিজেদের মাঠে খেলা শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পর্তুগাল। ষোড়শ মিনিটে ডি-বক্সের মাঝামাঝিতে বল পেয়ে দলকে বাঁ পায়ের জোরালো শটে গোল করতে ভুল করলেন না মিডফিল্ডার বের্নার্দো সিলভা। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।
৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রোনালদো। প্রতিপক্ষের সামান্য ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক চিপ শটে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এই জুভেন্টাস তারকা। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে সাতশোতম গোলের মাইলফলকের আরও কাছে চলে এসেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে লুক্সেমবার্গের কফিনে শেষ পেরেক ঠুকেন গুয়েদেস। কর্নার থেকে বল পেয়ে ডি-বক্সের ওপর থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান তরুণ এই উইঙ্গার।
এখন পাঁচ ম্যাচ খেলা পর্তুগাল তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয়স্থানে আছে।
একই দিন লিথুয়ানিয়াকে ২-০ গোলে হারানো ইউক্রেন ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে।