শিল্পকলায় আজ থেকে আর্ট ক্যাম্প শুরু

বঙ্গবন্ধুর জীবন থেকে চিত্রপট আঁকবেন ১০০ শিল্পী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ অবলম্বনে দেশের খ্যাতনামা ১০০ জন শিল্পী আঁকবেন ১০০টি শিল্পকর্ম। এ লক্ষ্যে ‘বঙ্গবন্ধুর জীবন থেকে চিত্রপটে’ শিরোনামে শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর্ট ক্যাম্পে অংশ নিচ্ছেন মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, শাহাবুদ্দিন আহমেদ, রফিকুন নবী, বীরেন সোম, স্বপন চৌধুরী, আব্দুল মান্নান, চন্দ্র শেখর দে, ইবরাহীম, কে এম কাইয়ুম, শহিদ কবির, আব্দুস শাকুর শাহ, মনিরুল ইসলাম, রণজিৎ দাস, আবুল বারক্ আলভী, নিসার হোসেন, ড. ফরিদা জামান, জামাল উদ্দিন আহমেদ, শিশির কুমার ভট্টাচার্য, শাহজাহান আহমেদ বিকাশ, কনকচাঁপা চাকমা, রোকেয়া সুলতানা, আলপ্তগীন, রফি হক, জাহিদ মোস্তফা, মানিক চন্দ্র দে, কারু তিতাস, মনিরুজ্জামান, মামুন কায়সারসহ ১০০ জন শিল্পী।

গতকাল শুক্রবার একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ও চারুকলা প্লাজায় এই আর্ট ক্যাম্পের উদ্বোধন হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আর্ট ক্যাম্পের উদ্বোধনী পর্বে গ্রন্থ দুটির ওপর পর্যালোচনামূলক বক্তব্য দেন শিল্পী মুস্তাফা মনোয়ার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ এবং ফোকলোরবিদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি ড. শামসুজ্জামান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন শিল্পী জামাল উদ্দিন আহমেদ ও শিল্পী সন্জীব দাস অপু।