উবারের ‘পেট ফিচার’

ধানমন্ডি থেকে যাবেন উত্তরায়। সাপ্তাহিক ছুটিতে বন্ধুর বাসায়। এমন ফুরফুরে দিনে পোষা কুকুরটাকেও সঙ্গে রাখলে মন্দ হয় না। তারও তো একটু ঘোরাঘুরির প্রয়োজন আছে তাই না?

কিন্তু তাকে নিয়ে যাবেন কীভাবে? অনেককেই পোষা প্রাণী নিয়ে গাড়িতে উঠতে সমস্যায় পড়তে হয়। এবার যাত্রীদের সে সমস্যা থেকে মুক্তি দিতে উবার সংযোজন করল ‘উবার পেট’ নামে নতুন এক ফিচার। যদিও এখনো তা বাংলাদেশে নয়। আগামী ১৬ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে চালু হবে এই ফিচারটি।

রাইডার অ্যাপ উবারের সর্বশেষ এ ফিচারটি ব্যবহার করলে পোষা প্রাণীকে নিয়ে উবারে উঠতে যাত্রীদের আর সমস্যায় পড়তে হবে না।

বর্তমানে দেখা যায়, অনেকেই পোষা বিড়াল বা কুকুর নিয়ে গাড়িতে উঠতে চাইলে ফোনে উবারচালককে বিষয়টি আগেভাগেই জানাতে হয়। চালক রাজি হলে তবেই শুধু পেট নিয়ে গাড়িতে উঠতে পারেন যাত্রীরা। কোনো চালক রাজি না হলে যাত্রীদের সমস্যায় পড়তে হয়।

এই পুরো প্রক্রিয়াটি সহজ করার জন্য অর্ডার স্ক্রিনে পেট অপশনটি যুক্ত করবে উবার। এতে করে চালক নিজেই বুঝতে পারবেন যাত্রীর সঙ্গে তার পোষা প্রাণীটিও ভ্রমণ সঙ্গী হবে।

উবার পেট সেবা নিলে যাত্রীদের অতিরিক্ত ৩ থেকে ৫ ডলার খরচ করতে হবে। প্রাণীদের নিয়ে গাড়ি চালাতে গেলে গাড়ি রক্ষণাবেক্ষণে সময় লাগবে। এরই ক্ষতিপূরণ হিসেবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হবে।

জানা গেছে, ১৬ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া, ডেনভার, ন্যাশভিল, ট্যাম্পা বে, ফিনিক্স, অস্টিন এবং মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায় সেবাটি পাওয়া যাবে। বিশ্বের অন্যান্য শহরেও হয়তো শিগগিরই চালু হবে।