তামিমের আত্মবিশ্বাস টের পেয়েছেন সানিও

তামিম ইকবাল নিজেকে ফিরে পেতে মাঝে লম্বা বিশ্রামে ছিলেন। ফিরেছেন জাতীয় লিগ দিয়ে। চট্টগ্রামের ব্যাটসম্যান প্রথম রাউন্ডের প্রথম দিন ঢাকা মেট্রোর বিপক্ষে ১০৫ বলে করেছেন ৩০ রান। রান খুব বেশি করতে না পারলেও তার ব্যাটিংয়ে আত্মবিশ্বাস টের পেয়েছেন প্রতিপক্ষের বোলার আরাফাত সানি।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সানি গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিন বাঁহাতি স্পিনে সর্বনাশ করেছেন চট্টগ্রামের। ৩ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম ২৯০ রানে অল আউট হয়েছে। প্রথম দিন কোনো উইকেট না পাওয়া সানি এদিন ৭ উইকেটের ৬টি নিয়েছেন। ফার্স্ট ক্লাসে তাতে ২৯৭ উইকেট হয়ে গেল তার। ইনিংসে ১৯তম বার হয়েছে ৫ বা তার বেশি উইকেট অর্জন। এই ইনিংসের বোলিং বিশ্লেষণ ৩৯.৫-১২-৮৭-৬ ।

দিনের শেষে সানি বলছিলেন, ‘৫ উইকেট পাওয়া সবসময় গর্বের। তাই অবশ্যই খুশি। চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করতে। হয়তো সেজন্য এই সফলতা।’ টার্গেট প্রসঙ্গে বলছিলেন, ‘টার্গেট তো সবসময় থাকে। মৌসুম শেষে যেন উইকেটশিকারে সেরা তিনের মধ্যে থাকতে পারি। সর্বোচ্চ শিকারি হলে গর্বের ব্যাপার। পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি।’