জয়ে ফিরল বাংলাদেশ

সিরিজে ফের এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওমানের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকরা জিতেছে ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচে ৫-১ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি শেষ হয়েছিল ২-২ ড্রয়ে। কাল জিতে ফের এগিয়ে গেল মামুনুর রশীদের শিষ্যরা।

দ্বিতীয় ম্যাচে ওমান রক্ষণাত্মক খেলেই বাংলাদেশকে জয় বঞ্চিত রেখেছিল। কালও এই কৌশলে খেলছিল তারা। কিন্তু নবম মিনিটে অধিনায়ক আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তৃতীয় কোয়ার্টারেও আশরাফুলের সামনে দলের লিড বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু পিসি থেকে নেওয়া তার প্রচেষ্টা সাইডবারে লেগে ফিরে আসে। তবে ৫৩ মিনিটে পিসি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সাইফুল আলম শিশির। আজ অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচ।