একটি ছাত্র সংগঠনের দায় অন্যরা কেন নেবে: রব

ঢালাওভাবে বুয়েটের ছাত্ররাজনীতি বন্ধ হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি যারা করে, বিচারহীনতার সংস্কৃতির চর্চা যারা করে, তাদের রাজনীতি বন্ধ হতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররাজনীতির কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে, দেশ স্বাধীন হয়েছে, স্বৈরশাসকের পতন হয়েছে। একটি ছাত্র সংগঠনের দায় অন্যরা কেন নেবে!

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগের দাবি জানিয়ে জেএসডি সভাপতি বলেন, দেশে লুটপাটের রাজনীতি চলছে। ব্যাংক খাতে লুটপাট, শেয়ারবাজারে লুটপাট চলছে। আমাদের দেশের শিল্পকারখানা গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সরকার ভারতে আমদানি করা গ্যাস রপ্তানির চুক্তি করছে।

তিনি আরও বলেন, জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সময় থাকতেই পদত্যাগ করুন। না হলে, আপনাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে।

সরকার ক্যাসিনো বিরোধী অভিযানের মাধ্যমে আইওয়াশের চেষ্টা করছে মন্তব্য করে রব বলেন, কোনো কিছুতেই সরকারের রক্ষা হবে না। অনেক নাটকের শেষে ২৫ দিন পরে ক্যাসিনো সম্রাটকে আটক করা হলো, কিন্তু রিমান্ড হলো না। রিমান্ডে নিলে মন্ত্রী-এমপিরা ধরা পড়বেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, আপনারা ভালো কাজ করেছেন, এবার সম্রাটকে রিমান্ডে নিয়ে তথ্য উদ্ধার করুন, জনগণের সাপোর্ট পাবেন।

মানববন্ধনে জেএসডি সহসভাপতি ও মহানগর সমন্বয়ক তানিয়া রবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুন স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন আবদুল্লাহ আল তারেক।