তারুণ্যই আমাদের অস্ত্র: জামাল ভূঁইয়া

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের সামনে এবার ভারত। কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে মঙ্গলবার ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সুনীল ছেত্রিদের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়ে দিলেন, লড়াইয়ের প্রতিজ্ঞার কথা। এই ম্যাচে হারতে চায় না কোচ জেমি ডের শিষ্যরা।

বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ও ভারত দুই দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে। ভারত নিজেদের প্রথম ম্যাচে ওমানের সঙ্গে ২-১ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে ড্র করে শক্তিশালী কাতারের বিপক্ষে।

বাংলাদেশ দুই ম্যাচ খেলে এখনো পয়েন্টের দেখা পায়নি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ০-১ গোলে হার জামালদের। দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে দারুণ লড়াই করেও হারে ০-২ গোলে। পাঁচ দলের গ্রুপে বাংলাদেশ সবার শেষে। ভারত ঠিক একধাপ ওপরে ১ পয়েন্ট নিয়ে।

তবে ভারত ম্যাচের আগে ওই কাতার ম্যাচটাই প্রেরণা বাংলাদেশের। শুক্রবারই কলকাতায় পৌঁছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, ‘ঘরের মাঠে চাপটা বেশি ভারতের। কারণ ম্যাচটা ওদের জিততে হবে। প্রতিবেশী দেশের বিপক্ষে আবেগের এই ফুটবল ম্যাচটা হারতে চাই না।’

জামাল যোগ করে বলেন, ‘আমাদের দলে অনূর্ধ্ব-২৩ ফুটবলারের সংখ্যা বেশি। ভারতকে হারানোর জন্য মরিয়া তাগিদ ও তারুণ্যই আমাদের অস্ত্র।’

একসময় সময় ফুটবলে ভারত-বাংলাদেশ লড়াই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতার। সাম্প্রতিক সময়ে ভারত অবশ্য নিজেদের অনেক ওপরে নিয়ে গেছে। র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান এখন ১০৪। অন্যদিকে বাংলাদেশ আছে ১৮৭ স্থানে। তবে র‌্যাঙ্কিং যে কোনো বিষয় নয়, সেটা ১২৫ ধাপ এগিয়ে থাকা কাতারের সঙ্গে লড়াই করেই প্রমাণ করেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে সর্বশেষ দুই দেখায় অবশ্য ড্র করেছে বাংলাদেশ। ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র হয় দুই দলের ম্যাচ। ২০১৩ সালে সাফে ম্যাচের ফল ছিল ১-১। সব মিলে ভারতের সঙ্গে ২৪ বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। ড্র ১০ টি, হার ১১ ম্যাচে।